ঐশ্বরিয়া মা হওয়ার পর কী প্রতিক্রিয়া  দিয়েছিলেন সালমান খান!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:২৮ পিএম
ঐশ্বরিয়া মা হওয়ার পর কী প্রতিক্রিয়া  দিয়েছিলেন সালমান খান!

সম্প্রতি সমাজমাধ্যমে আবারও ঘুরে বেড়াচ্ছে একটি পুরোনো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন–এর কন্যা আরাধ্যা বচ্চন জন্মানোর পর কী প্রতিক্রিয়া জানিয়েছিলেন সালমান খান।

বলিউডে একসময় সালমন ও ঐশ্বরিয়া রাই  সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। প্রেম, বিচ্ছেদ এবং পরবর্তী টানাপোড়েন—সবই ছিল শিরোনামে। সম্পর্ক ভাঙার পর সালমান মাঝেমধ্যে এ প্রসঙ্গে মন্তব্য করলেও ঐশ্বরিয়া রাই  বরাবরই নীরব থেকেছেন। এমন পরিস্থিতিতেই আরাধ্যার জন্মের পর সালমানের প্রতিক্রিয়ার সেই পুরোনো ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে।

২০১১ সালে আরাধ্যার জন্মের সময় এক সাংবাদিক বৈঠকে সালমানকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণত খুব কমই কথা বলেন তিনি। তবে সেদিন ব্যতিক্রম ঘটেছিল। জানা যায়, আরাধ্যার জন্মের দু’দিন পর একটি মোবাইল ব্র্যান্ডের প্রচার-অনুষ্ঠানে অংশ নেন সালমান। সে সময় সংবাদমাধ্যমের তরফে ঐশ্বরিয়া রাই মা হওয়া নিয়ে তাঁর মন্তব্য জানার প্রবল আগ্রহ ছিল।

এক সাংবাদিক সরাসরি প্রশ্ন না করে কৌশলে সালমানকে ‘কাকা’ হওয়ার শুভেচ্ছা জানান, কারণ তখন তাঁর ভাই সোহেল খান–এর কনিষ্ঠ পুত্রের জন্ম হয়েছিল। উত্তরে সালমান হালকা মেজাজে বলেন, “আমি কাকা তো বটেই, মামাও হয়েছি। আশা করি ওদের আরও ১১টা সন্তান হবে।”

উল্লেখ্য, হম দিল দে চুকে সনম ছবির পর থেকে প্রকাশ্যে একে অপরকে নিয়ে মন্তব্য করা এড়িয়ে গিয়েছেন সালমান ও ঐশ্বরিয়া। যদিও প্রায় দেড় বছর আগে আম্বানি পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে দু’জনকে একই  আসরে দেখা গিয়েছিল, তবে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি বলেই জানা যায়।

Link copied!